জরুরি পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে টানা ২১ ঘণ্টা নারায়ণগঞ্জসহ বেশকিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা বেশকিছু এলাকায় সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
এই এলাকাগুলো হলো- শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকা। এছাড়াও এর আশপাশের কোনো কোনো এলাকায় এই সময়ে গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রেডিওটুডে নিউজ/আনাম

