একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে–নাউজুবিল্লাহ! এই ধরনের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভকদগাজীতে এক নির্বাচনী পথসভায় তিনি হেফাজতে ইসলাম ও চরমোনাই পীরের উদ্ধৃতি টেনে তিনি বলেন, ‘হেফাজতের আমির বলেছেন জামায়াতকে ভোট দেয়া নাজায়েজ। চরমোনাই পীর তাদের মিথ্যাবাদী বলেছেন। এমন দলকে ভোট দিলে আমরা ইমান নষ্ট করে ফেলব।’
আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে জামায়াতে ইসলামীর নতুনভাবে সক্রিয় হওয়া প্রসঙ্গে ফখরুল বলেন, ‘নৌকা না থাকায় এখন নতুন এসেছে দাঁড়িপাল্লা। তারা নতুন এসেছে, মানুষের কাছে যাক, শিখুক।’
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচিত হলে সবার আগে আমি আমার মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। নারী জাগরণ শুরু হয়েছে, আপনারা আজ অনেক বেশি সজাগ।’
তিনি প্রতিশ্রুতি দেন, কৃষিভিত্তিক শিল্প ও ইপিজেড তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা হবে। এ ছাড়া প্রথম বছরের মধ্যেই ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।
ব্যক্তিগত আবেগ জড়িয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটিই আমার শেষ নির্বাচন। আমি আগে অনেক নির্বাচন করেছি, জিতেছি আবার হেরেছিও; কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আমাকে শেষবারের মতো কাজ করার সুযোগ দিন।’
রেডিওটুডে নিউজ/আনাম

