জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই, তবে তিনি ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের প্রতি সম্মান থাকলেও ব্যক্তির বিষয়ে আমাদের আপত্তি রয়েছে। তিনি আরও যোগ করেন, বিএনপি ও তার দলের শুভাকাঙ্ক্ষী মহলে প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট যোগ্য লোক রয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি সরকারের ভালো কাজের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের ৬৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু সেই আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়িত হলেও অন্য অংশটি এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে। তিনি সংবিধান পরিবর্তন ও সংশোধনকে বর্তমান সময়ের ‘জাতির দাবি’ হিসেবে অভিহিত করেন।
রাষ্ট্রপতি সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে আমরা চাইনি তিনি ভাষণ দেবেন। রাষ্ট্রপতির পদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, তবে বর্তমান রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে এ বিষয়ে মুক্তি দিতে আমি সরকারি দলের কাছে অনুরোধ জানাচ্ছি।
আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য অপেক্ষায় আছি, এটি দ্রুত হওয়া উচিত। তিনি জানান, সংবিধান সংশোধন ও জনগণের দাবি আদায়ে জামায়াত রাজনৈতিকভাবে এবং নিয়মতান্ত্রিক উপায়ে তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে।
মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

