ইন্টারন্যাশনাল লিগ টি২০তে (আইএলটি২০) আবারও দল পেলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন মৌসুমের নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস।
গত মৌসুমেও দুবাই ক্যাপিটালসের হয়ে আইএলটি২০ মাতিয়েছিলেন মোস্তাফিজ। মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে টুর্নামেন্টটির পঞ্চম আসরের জন্য এই বাঁহাতি পেসারকে ধরে রাখার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত আসরে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মোস্তাফিজ। দুবাই ক্যাপিটালসের হয়ে আট ম্যাচে ৮.০৮ ইকোনমি রেটে ১৫ উইকেট শিকার করেন তিনি। তার কার্যকর বোলিং দলটির বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে আইএলটি২০র মাঝপথেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে দেশে ফিরে আসেন মোস্তাফিজ। এবারও আইএলটি২০তে তার পারফরম্যান্সের দিকে নজর থাকবে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের।
নতুন মৌসুমে মোস্তাফিজকে ধরে রাখায় দুবাই ক্যাপিটালসের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির।
রেডিওটুডে নিউজ/আনাম

