বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পেগুলার স্বপ্নভঙ্গ, ইউএস ওপেনের নতুন রানী সাবালেঙ্কা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১১, ৮ সেপ্টেম্বর ২০২৪

Google News
পেগুলার স্বপ্নভঙ্গ, ইউএস ওপেনের নতুন রানী সাবালেঙ্কা

পারলেন না জেসিকা পেগুলা। শিরোপার লড়াইয়ে এরিনা সাবালেঙ্কার কাছে হেরে গেলেন আমেরিকান তারকা। ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলার স্বপ্নভেঙ্গে চুরমার করে মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের নতুন রানী হলেন সাবালেঙ্কা। বাংলাদেশ সময় শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ইউএস ওপেনের ফাইনালে বেলারুশ সুন্দরী ৭-৫ এবং ৭-৫ গেমে উড়িয়ে দেন জেসিকা পেগুলাকে। সেইসঙ্গে ইউএস ওপেনের প্রথম ট্রফি উঁচিয়ে ধরলেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এই দুই নম্বর তারকা।

এর ফলে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের নজীর গড়লেন সাবালেঙ্কা। চলতি মৌসুমের দ্বিতীয়। বছরের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে চলতি মৌসুমের সূচনা করেছিলেন তিনি। এবার শেষটাও রাঙালেন দাপটের সঙ্গে। এর আগে গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপায় চুমো একেঁছিলেন ২৬ বছর বয়সী এই তারকা।

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দিনে পেগুলা-সাবালেঙ্কা উভয়ের গায়েই মাখা ছিল ফেভারিটের ট্যাগ। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়ে শিরোপা উচ্ছ্বাসে মেতে উঠেন সাবালেঙ্কা। ১ ঘণ্টা ৫৩ মিনিট লড়াই করে পেগুলার বিদায়ঘণ্টা বাজান বেলারুশ সুন্দরী। 

গত মৌসুমেও ইউএস ওপেনের ফাইনালের টিকিট কেটেছিলেন সাবালেঙ্কা। কিন্তু শিরোপার লড়াইয়ে সেই আমেরিকার কোকো গফের কাছে হেরে স্বপ্নভঙ্গের চরম বেদনা নিয়ে কোর্ট ছেড়েছিলেন তিনি। শুধু কী তাই? এর আগে ২০২১ এমনকি ২০২২ সালে টানা দুইবার এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। তবে এবার আর কোন ভুল করেননি সাবালেঙ্কা। শুরু থেকেই দাপুটে পারফর্ম করে শিরোপা জিতেই মিশন শেষ করেন তিনি।

দীর্ঘ অপেক্ষার পর ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরে তাই দারুণ রোমাঞ্চিত সাবালেঙ্কা। ম্যাচের শেষে ১৬টি শিরোপার মালিক বলেন, ‘এটা আমার জন্য স্পেশাল একটা স্থান। অতীতে এখানে আমার কঠিন পরাজয়ের অভিজ্ঞতা রয়েছে। তারপরও আমার বিশ্বাস ছিল। একদিন সুন্দর এই ট্রফি উঁচিয়ে ধরতে পারবো আমি। এই ট্রফি জেতাটা আমার কাছে সবসময়ই স্বপ্নের মতো ছিল। তাই এটা আমার কাছে স্পেশাল শিরোপা।’

ইউএস ওপেন জিতে ইতিহাসেও জায়গা করে নিয়েছেন সাবালেঙ্কা। ৮ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে হার্ড-কোর্টের দুটি শিরোপাই নিজের শোকেসে তুলেছেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন অ্যাঞ্জেলিক কারবার। ২০১৬ সালে জার্মানির এই তারকা মৌসুমের প্রথম এবং শেষ দুটি মেজর টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার নজীর গড়েছিলেন। এবার সেই কীর্তিতে ভাগ বসালেন এরিনা সাবালেঙ্কা। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536