নারী বিপিএলে আইকনরা পাচ্ছেন ১০ লাখ, অন্যরা কে কত?

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

নারী বিপিএলে আইকনরা পাচ্ছেন ১০ লাখ, অন্যরা কে কত?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
নারী বিপিএলে আইকনরা পাচ্ছেন ১০ লাখ, অন্যরা কে কত?

প্রথমবারের মতো মেয়েদের বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ মার্চ হবে তিন দলের টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। 

ক্রিকেটারদের ক্যাটাগরি ঠিক করার কাজও শুরু করে দিয়েছেন নির্বাচকেরা। ড্রাফটের জন্য স্থানীয় ক্রিকেটারদের মোট ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হবে

স্থানীয় খেলোয়াড়দের সর্বোচ্চ ক্যাটাগরি হিসেবে থাকবে আইকন।

জাতীয় নারী দলের তিনজন তারকা ক্রিকেটারের মধ্যে একজন করে নেবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এই ক্যাটাগরির ক্রিকেটাররা সর্বোচ্চ ১০ লাখ টাকা করে পারিশ্রমিক পাবেন।

আইকন ক্রিকেটার হিসেবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির থাকা চূড়ান্ত। তার সঙ্গে সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি বিবেচনায় আছেন।

ড্রাফটে স্থানীয়দের দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে ৬ জন ক্রিকেটার থাকবেন। প্রতিটি দল এই ক্যাটাগরি থেকে দুজন করে ক্রিকেটার নেবে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে ৭ লাখ টাকা করে পাবেন। 

‘বি’ ক্যাটাগরিতে থাকা ১২ ক্রিকেটারের জন্য পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা করে।

‘সি’ ক্যাটাগরিতে ৩ লাখ টাকা পারিশ্রমিক। ২০ জনের মতো ক্রিকেটারকে রাখা হবে এই ক্যাটাগরিতে। তাদের মধ্যে যারা প্রথম ডাকে অবিক্রীত থেকে যাবেন, তাদের আবার তোলা হবে দেড় লাখ টাকা মূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে। 

ড্রাফটে কারা কোন ক্যাটাগরিতে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। কয়েক দিনের মধ্যে এ তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ।

ড্রাফটের আগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চাইলে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তি করতে পারবেন। বিদেশিদের আগ্রহের ওপর ভিত্তি করে তোলা হতে পারে ড্রাফটেও। 

তবে কতজন বিদেশি ক্রিকেটার ড্রাফটে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। ‘এ’ ক্যাটাগরিতে ৮ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৬ হাজার ও ‘সি’ ক্যাটাগরিতে ৩ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক ধরা হতে পারে বিদেশি ক্রিকেটারদের জন্য।

প্রতিটি ম্যাচেই দুজন করে বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতে হবে। অন্তত ৪ জন ক্রিকেটারকে রাখতে হবে স্কোয়াডে।

আগামী ৩ থেকে ১৫ এপ্রিল হবে মেয়েদের বিপিএল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হতে পারে ম্যাচগুলো। 

তিন দলের টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা বিক্রির বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে ৩০ লাখ টাকা দিতে হবে।

এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিতে বিসিবির কাছে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে ছেলেদের বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের মালিক নাবিল গ্রুপ। টিভি স্বত্ব বিক্রি আর পৃষ্ঠপোষকও খুঁজতে শুরু করেছে বিসিবি।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের