টানা তিনটি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেনি দক্ষিণ কোরিয়া। পরিসংখ্যানের সেই কালো মেঘ আর প্রথম ম্যাচের সেই পুরোনো গেরো অবশেষে কেটেছে। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’এর হাইভোল্টেজ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে এশিয়ান পরাশক্তিরা। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে পুরো ৩ পয়েন্ট পকেটে পুরল ‘রেড ডেভিলস’রা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল দক্ষিণ কোরিয়া। সন হিউং-মিন, লি কাং-ইনদের গতির সামনে শুরুতেই খেই হারিয়েছিল চেকদের রক্ষণভাগ। প্রথমার্ধে ৫৩ শতাংশ বল দখলে রেখে কোরিয়ানরা একের পর এক আক্রমণ করলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। ১৪ মিনিটে লি জে-সাংয়ের দূরপাল্লার শট এবং বিরতির আগে অধিনায়ক সনের দারুণ এক সুযোগ হাতছাড়া হলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাড়ে ম্যাচের পারদ। আক্রমণের ধার বাড়িয়েও উল্টো ৫৯ মিনিটে গোল খেয়ে বসে দক্ষিণ কোরিয়া। চেকদের ডিফেন্ডার ভ্লাদিমির কুফালের লং-থ্রো থেকে বক্সে লাফিয়ে উঠে হেডে বল জালে জড়ান অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। স্তব্ধ হয়ে যায় কোরিয়ান গ্যালারি।
পিছিয়ে পড়েও দমে যায়নি কোরিয়া। সমতায় ফিরতে মরিয়া কোরিয়ানদের স্বস্তি এনে দেন মিডফিল্ডার হুয়াং ইন-বম। ৬৭ মিনিটে চেকদের রক্ষণভাগের ফাঁক গলে বক্সে বল পান তিনি। গোলরক্ষক ও ডিফেন্ডারকে বোকা বানিয়ে ঠাণ্ডা মাথায় চিপ শটে বল জালে জড়ান ইন-বম।
ম্যাচের ৭০ মিনিটে চোট ও ক্লান্তি এড়াতে অধিনায়ক সন হিউং-মিনকে তুলে নিয়ে হাইয়ু-গিউ ওহ-কে মাঠে নামান কোরিয়ান কোচ। কোচের এই চালই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচের ৮০ মিনিটে মাঝমাঠ থেকে আসা একটি থ্রু-পাস ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকেন হুয়াং। তার কাট-ব্যাক থেকে স্লাইড করে বল জালে জড়াতে ভুল করেননি ‘সুপার সাব’ হাইয়ু-গিউ ওহ।
ম্যাচের ৭৭ মিনিটে চেক প্রজাতন্ত্রের টমাস সোচেক গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে (৯৩ মিনিটে) সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল চেক প্রজাতন্ত্র। তবে সাদিলেক বক্সে ফাঁকা জায়গায় শট নিলেও কোরিয়ান গোলরক্ষকের সেভে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায় এশিয়ান পরাশক্তিরা। অতিরিক্ত সময়ের ৬ মিনিটের স্নায়ুচাপ সামলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
রেডিওটুডে নিউজ/আনাম

