চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম-কান্ট্রি বাংলাদেশ

শুক্রবার,

১২ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুক্রবার,

১২ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম-কান্ট্রি বাংলাদেশ   

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৫, ১২ জুন ২০২৬

Google News
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম-কান্ট্রি বাংলাদেশ   

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও প্রদর্শনী ‘১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম চীন খুনমিং আমদানী এবং রপ্তানি মেলা-২০২৬’-এ এবার থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। 

চীনের ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে ১১  জুন শুরু হওয়া ছয় দিনব্যাপী এ মেলাটি চলবে আগামী ১৬ জুন পর্যন্ত।  

বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, খুনমিং-এর সহযোগিতায় এবারের মেলায় বাংলাদেশের রেকর্ডসংখ্যক ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।  

খুনমিংয়ের তিয়ানছি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক মেলায় বিশ্বের ৬৮টি দেশের প্রায় ২ হাজার ৩০০ প্রদর্শক অংশ নিচ্ছেন। 

আয়োজকদের মতে, এ প্রদর্শনী দক্ষিণ এশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আসরে বাংলাদেশকে থিম-কান্ট্রি করা হয়েছে। মেলার উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন এবং মূল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ ছাড়া মেলার দ্বিতীয় দিন ‘বাংলাদেশ দিবস’ পালন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান ও বাংলাদেশ দিবসেরর বিভিন্ন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ছাড়া চীনের ইয়ুননান প্রদেশের গভর্নর এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধি ও নীতিনির্ধারকরা অনুষ্ঠানে অংশ নেবেন। 

বাংলাদেশ ডে উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন।

মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নে দেশের প্রধান রপ্তানিমুখী খাতগুলোর পণ্য প্রদর্শন করা হবে। এর মধ্যে রয়েছে টেক্সটাইল, তৈরি পোশাক (আরএমজি), ওষুধ শিল্প, সিরামিকস, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্য।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্যাভিলিয়নে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্রেতা, আমদানিকারক, বিপণনকারী, পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে। একই সঙ্গে বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে চীনের বাজারে বাংলাদেশের অবস্থানকে আরো সুসংহত করবে এবং পণ্য রপ্তানিতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সূত্র: সিএমজি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের