নিজের দলকেই ১০-এ ৫ দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

রোববার,

০৫ জুলাই ২০২৬,

২১ আষাঢ় ১৪৩৩

রোববার,

০৫ জুলাই ২০২৬,

২১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

নিজের দলকেই ১০-এ ৫ দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ৫ জুলাই ২০২৬

Google News
নিজের দলকেই ১০-এ ৫ দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নরওয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রেস কনফারেন্স রুমের অর্ধেকেরও বেশি আসন ছিল খালি। তবে ব্রাজিলের সংবাদ সম্মেলনে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। শুরু হওয়ার আগেই প্রায় পুরো কক্ষ ভরে যায়। এরপর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি মঞ্চে আসতেই ক্যামেরার ফ্ল্যাশ আর ক্লিকের শব্দে মুখর হয়ে ওঠে পুরো কক্ষ।

এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত কোচদের একজন কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্যের পর তার হাতেই ব্রাজিলের দায়িত্ব তুলে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। জাপানের বিপক্ষে তার কৌশলও দারুণ কার্যকর ছিল। টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই ছন্দে ফিরছে ব্রাজিল। তবে নিজের দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন আনচেলত্তি। ১০ এর মধ্যে নম্বর দিতে বলা হলে তিনি বলেন, ‘৭। আরও উন্নতি করতে হবে।’ এরপর ম্যাচভিত্তিক মূল্যায়নও করেন তিনি, ‘মরক্কোর বিপক্ষে ৫, স্কটল্যান্ডের বিপক্ষে ৫ এবং জাপানের বিপক্ষে ৬।’

আনচেলত্তিকে শুরুতেই লুকাস পাকেতাকে নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সহজভাবে উত্তর দিয়েছেন কোচ, ‘বাস্তবিকভাবে তার প্রকৃত বিকল্প নেই। প্রতিপক্ষ বিবেচনায় তার বিকল্প বেছে নেওয়ার চেষ্টা করব।’

৫ গোল করে নরওয়ের আর্লিং হালান্ড বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে। শুধু তাকে নয়। পুরো নরওয়েকে আটকাতে চান আনচেলত্তি, ‘হালান্ড অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমার ডিফেন্ডাররা জানে তাকে কীভাবে আটকাতে হবে। আমি শুধু হালান্ড নয় পুরো নরওয়েকে আটকানোর চিন্তা করছি।’

ব্রাজিলের প্রেস কনফারেন্স মানেই নেইমারকে নিয়ে প্রশ্ন। আজ নরওয়ে ম্যাচের আগের দিনও একই। এই প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস ও নেইমার একসঙ্গে হলে অবশ্যই দারুণ হয়। নেইমার এখন ফিট। সে পুরো ম্যাচ খেলার পর্যায়ে রয়েছে।’ নেইমারকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাকে কি খেলাবেন? এ বিষয়ে সরাসরি কিছু বলেননি কোচ। পাকেতার বিকল্প ও রাফিনহা প্রসঙ্গ উঠলে আনচেলত্তি বলেন, ‘কৌশল ও একাদশ নিয়ে কথা বলার যথাযথ জায়গা এটা নয়।’

নরওয়ের কোচ স্টেল সোলবাকেন প্রতিপক্ষকে নিয়ে কথা বলেছেন। তার মতে ব্রাজিল ফেভারিট। আর আনচেলত্তি বিশ্বের সেরা কোচদের একজন। এ নিয়ে ব্রাজিল কোচের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘এটা তার বিনয়। মাঠে আমাদের কাজ সঠিকভাবে শতভাগ করতে হবে।’

বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি মাঠে যেমন কৌশলী, সংবাদ সম্মেলনেও তেমনি সংযত। সাংবাদিকদের নানা কঠিন প্রশ্নের মুখেও তাকে বিচলিত হতে দেখা যায়নি। বরং ধীরস্থিরভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ইতালীয় ভাষার পাশাপাশি পর্তুগিজ ও ইংরেজিতেও স্বাচ্ছন্দ্যে কথা বলেন ব্রাজিল কোচ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে ব্রাজিলের এক জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য আলাপও করেন আনচেলত্তি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের