দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচে ব্যাটারের জোরালো শটের আঘাতে গুরুতর আহত হয়েছেন আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। সোমবার (১৭ আগস্ট) নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স বনাম নিউ দিল্লি টাইগার্সের খেলা চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই আম্পায়ার একটি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ঘটনাটি ঘটে নিউ দিল্লি টাইগার্সের ইনিংসের ১৮তম ওভারে। বোলার আশিষ মীনার করা একটি ডেলিভারিতে স্ট্রেইট ড্রাইভ খেলেন ব্যাটার লক্ষয় থারেজা। তার সেই জোরালো শটটি সরাসরি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে আঘাত হানে। আঘাত পাওয়ার পরপরই তিনি মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন। খেলোয়াড়রা দ্রুত তার কাছে ছুটে যান এবং ব্যাটিং করা থারেজাও ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চোটের গুরুত্ব ততটা বোঝা না গেলেও পরে অবস্থার অবনতি হলে তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন।
এটি ধর্মেশ ভরদ্বাজের জন্য প্রথম দুর্ঘটনা নয়। এর আগে চলতি টুর্নামেন্টেই অন্য একটি ম্যাচে বলের আঘাতে তার কাঁধ জখম হয়েছিল।
ম্যাচের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ইস্ট দিল্লি রাইডার্স ৩৬ রানে জয়ী হয়েছে। প্রথমে ব্যাটিং করে তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। দলের পক্ষে ভানশ মেহরা ৩৫, মায়াঙ্ক রাওয়াত ৪০ এবং সূর্যাংশ রায়না ও অর্পিত রানা উভয়ই ৩৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নিউ দিল্লি টাইগার্সের বোলার রিশাভ শর্মা ৩৪ রানে ৩টি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউ দিল্লি টাইগার্স ভালো শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পথ হারায়। অধিনায়ক হিম্মত সিংয়ের ৩১ এবং লক্ষয় থারেজার লড়াকু ইনিংস সত্ত্বেও তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানের বেশি তুলতে পারেনি। ইস্ট দিল্লি রাইডার্সের পক্ষে বোলার আশিষ ৩২ রানে ৩টি এবং মায়াঙ্ক যাদব মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। খেলার শেষ দিকে আম্পায়ার আহতের এই ঘটনায় জয়-পরাজয়ের চেয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আম্পায়ারের শারীরিক অবস্থা।
রেডিওটুডে নিউজ/আনাম

