দেশে জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ৫ হাজার মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে দেশে আপৎকালীন এলপিজির চাহিদা পূরণ, এলপিজি বাজারে সরকারের অংশীদারিত্ব বৃদ্ধি এবং বাজার স্থিতিশীল রাখতে স্পিড মার্কেটিং করপোরেশনের (স্পিড গ্রুপ) কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ হাজার (±৫ শতাংশ) মেট্রিক টন এলপিজি কেনার প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এই এলপিজির মধ্যে প্রোপেনের পরিমাণ থাকবে ৩৫ থেকে ৪০ শতাংশ এবং বিউটেনের পরিমাণ ৬০ থেকে ৬৫ শতাংশ। সৌদি আরামকোর সিপি মূল্যের সঙ্গে প্রতি মেট্রিক টনে অতিরিক্ত ৯৭ মার্কিন ডলার (সিএফআর ভিত্তিতে) দরে এলপিজি কেনা হবে।
এছাড়া ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে মোট ৮ কার্গো এলএনজি কেনার চারটি পৃথক প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী যুক্তরাজ্যভিত্তিক ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে ২ কার্গো, অস্ট্রেলিয়াভিত্তিক গ্লোবাল ফুয়েল সাপ্লাইজ পিটিই লিমিটেডের কাছ থেকে ২ কার্গো, মালয়েশিয়ার প্লেনটিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে ২ কার্গো এবং ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে আরও ২ কার্গো এলএনজি আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

