রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান আহত হয়েছেন। তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এখন টিভিকে কন্টিনেন্টাল হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুজনকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তথ্যে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাইকমিশনার ও তার স্ত্রী হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসক ডা. আমিনা সুলতানার তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে।
রেডিওটুডে নিউজ/আনাম

