চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন মো. মুজিব নামে এক যুবদল কর্মী। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অলি মিয়া হাটে এ ঘটনা ঘটে। নিহত মুজিবের বয়স প্রায় ৬০ বছর। সে স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইফতারের পর অলি মিয়া হাটে একটি চা দোকানে বসে মুজিব ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে মুজিব চা দোকান থেকে বেরিয়ে সড়কে ২০ থেকে ৩০ হাত সামনে যান। হঠাৎ আশপাশ থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে মুহূর্তেই সটকে পড়ে। এতে তার কপাল, বুক ও পেটে কয়েকটি গুলি লাগে।
এসময় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তার বন্ধুরা মিলে মুজিবকে উদ্ধার করে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে পুলিশের দাবি, ঘটনাটি রাজনৈতিক কোনো ঘটনা নয়। কে বা কারা তাকে কেন হত্যা করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে রাউজান উপজেলায় আধিপত্য বিস্তার চাঁদাবাজি ও বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলিতে খুন হয়েছেন অন্তত বিশ জন। এর মধ্যে ১৪ জনই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
রেডিওটুডে নিউজ/আনাম

