রাজধানীর ধানমন্ডি এলাকায় ১০তলা ভবন থেকে নিচে পড়ে রিক্তা আক্তার (১১) নামে এক শিশু গৃহকর্মীর রহস্যময় মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রিক্তা সুনামগঞ্জের সালনা থানার নিজগাঁও গ্রামের মো. শাহিন মিয়ার মেয়ে। বর্তমানে তার বাবা তিন সন্তান ও স্ত্রী মাজেদাকে নিয়ে গাজীপুরের টঙ্গী এলাকায় থাকেন। ৪ বোনের মধ্যে রিক্তা ছিল দ্বিতীয়।
রিক্তার বাবা শাহিন মিয়া জানান, একমাস আগে এক দালালের মাধ্যমে ১০ হাজার টাকার বিনিময়ে মেয়েকে ধানমন্ডির ওই বাসায় কাজে দেন তিনি। এক সপ্তাহ আগে ভিডিও কলে রিক্তার সঙ্গে তার কথা হয়। ওই সময় মেয়ের মুখ ফোলা দেখতে পেয়েছিলেন তিনি। এরপর সেই দালালকে মেয়েকে ফিরিয়ে দিতে বলেছিলেন। তবে দালাল আগে ১০ হাজার টাকা পরিশোধ করতে বলেছিল। সবশেষ শুক্রবার মেয়ের মৃত্যুর খবর পান তিনি।
শাহিন মিয়ার অভিযোগ, ‘আমার মেয়ে উপর থেকে পড়ে মারা যায়নি। তাকে মেরে ফেলা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আমার মেয়েকে যারা হত্যা করেছে, তাদের কঠিন বিচার হোক।’
শিশু গৃহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই শিশু গৃহকর্মী একমাস ধরে ধানমন্ডির ওই বাসাটির ১০ তলায় কাজ করতো। প্রাথমিকভাবে জানতে পেরেছি সকালে বাসার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। এরপর দ্রুত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

