নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করে চীনের মেরু গবেষণা জাহাজ 'শুয়েলং' সোমবার বন্দর ত্যাগ করেছে। দেশটির আসন্ন আর্কটিক বৈজ্ঞানিক অভিযানে অংশ নিতে এটি পুনরায় যাত্রা শুরু করল।
দীর্ঘদিন চলার পর মোটরযানের যেমন নিয়মিত সার্ভিসিং প্রয়োজন হয়, ঠিক তেমনি সমুদ্রে নির্দিষ্ট সময় চলাচলের পর জাহাজেরও রুটিন পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে। এবারের রক্ষণাবেক্ষণ পর্বে শুয়েলং-এর সমস্ত কাজ আসন্ন আর্কটিক অভিযানের চ্যালেঞ্জ ও লক্ষ্যকে সামনে রেখেই সম্পন্ন করা হয়েছে।
চীনের মেরু গবেষণা বহরের প্রধান এই জাহাজটি মেরু অঞ্চলে কাজ করার জন্য একটি শক্তিশালী 'ওয়ার্কহর্স' বা প্রধান চালিকাশক্তি হিসেবে পরিচিত। ভারী রসদ সরবরাহ, বরফে ঢাকা অঞ্চলে উদ্ধার অভিযান পরিচালনা এবং বরফ কেটে চলাচলের পথ তৈরির ক্ষেত্রে এটি অত্যন্ত দক্ষ।
এদিকে, শুয়েলং-এর পাশাপাশি চীনের অপর মেরু গবেষণা জাহাজ 'শুয়েলং-২'-এর রক্ষণাবেক্ষণ কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই জাহাজটি বিশেষভাবে পরিচিত তার দ্বিমুখী বরফ ভাঙার ক্ষমতার জন্য। এতে রয়েছে একটি অনন্য 'মুন পুল' সিস্টেম, যা জাহাজের মাঝখান দিয়ে সরাসরি সমুদ্রের তলদেশের সাথে যুক্ত। এই প্রযুক্তির ফলে প্রতিকূল পরিবেশেও পানির নিচে বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন ও উদ্ধার করা অনেক সহজ হয়। সূত্র: সিএমজি
রেডিওটুডে নিউজ/আনাম

