রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। বিশেষ করে মাদক কারবারি, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন তিনি।
বুধবার (১৭ জুন) ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, নিজ নিজ থানা এলাকায় মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালাতে হবে। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে জন্য থানাকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে হবে। কোনো এলাকায় যেন অপরাধমূলক কর্মকাণ্ড মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য বিট পুলিশিং ও টহল জোরদার করার নির্দেশ দেন তিনি।
ভালো কাজের মূল্যায়ন ও জবাবদিহির ওপর জোর দিয়ে পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়ে দেন, ভালো ও প্রশংসনীয় কাজের জন্য যেমন পুরস্কৃত করা হবে, ঠিক তেমনি দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কোনো কাজে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম আসন্ন ধর্মীয় উৎসবগুলোর নিরাপত্তা নিয়ে কথা বলেন। তিনি বলেন, সামনে পবিত্র আশুরা। আশুরার সব কর্মসূচি যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
অনুষ্ঠানের শেষ অংশে মে মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের হাতে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডিএমপি কমিশনার।
রেডিওটুডে নিউজ/আনাম

