টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৫১ মৃত্যু

সোমবার,

১৩ জুলাই ২০২৬,

২৯ আষাঢ় ১৪৩৩

সোমবার,

১৩ জুলাই ২০২৬,

২৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৫১ মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৫, ১৩ জুলাই ২০২৬

Google News
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৫১ মৃত্যু

কয়েক দিনের টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢল এবং পাহাড়ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি হিসাবে রোববার পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে, আহত হয়েছেন ৩৯ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌর এলাকা বন্যাকবলিত হয়েছে। পানিবন্দি রয়েছে দুই লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবার। এক হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু থাকলেও সেখানে আশ্রয় নিয়েছেন ৪৪ হাজার ৪৫৭ জন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলা, যেখানে প্রায় ছয় লাখ মানুষ বন্যার শিকার হয়েছেন। কক্সবাজারে প্রাণহানি হয়েছে ২৮ জনের, যার মধ্যে ১৩ জন রোহিঙ্গা। বান্দরবানে ছয়জন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সোমবারও দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে। এতে নতুন করে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১২ জেলায় ২৮ হাজার ৬১০ হেক্টরের বেশি ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১৫ হাজার হেক্টর আউশ ধান ও দুই হাজার হেক্টর আমনের বীজতলা রয়েছে। চট্টগ্রাম, পার্বত্য জেলা ও হাওর অঞ্চলে মাছের খামার, গবাদি পশু এবং ফলের বাগানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সাত জেলার জন্য দুই কোটি ৮৫ লাখ টাকা ও তিন হাজার ২৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ বরাদ্দ দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বীজ ও চারা সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের