নেত্রকোনার মদনে পূর্বশত্রুতার জেরে দুই প্রতিবেশী পরিবারের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ৬ নম্বর তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নি গ্রামের সড়কের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাওয়ালী বিন্নি গ্রামের নজরুল ও প্রতিবেশী জাহাঙ্গীরের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ঈদুল ফিতরের সময় গরু জবাই ও একটি শিশুকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে ঘিরে দুই পক্ষের বিরোধ আরও তীব্র রূপ নেয়। রোববার দুপুরে নজরুলের পক্ষের সেকুল মিয়া ফতেপুর হাটশিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীরের পক্ষের লোকজন তার পথরোধ করে ধাওয়া দেন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- শাস্তুরা, কামাল, নজরুল, আতিউর রহমান, মোফাজ্জল, রবুল, সেকুল, আব্দুল হেকিম, জামাল, বাবলু, রাইস উদ্দিন, টিপু, লালন, বিপুল, রকি, জুলহাস, মোরশেদ ও বাক্কাসহ আরও কয়েকজন।
আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। প্রশাসনের হস্তক্ষেপেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেন তাঁরা।
৬ নম্বর তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, কাওয়ালী বিন্নি গ্রামের সংঘর্ষের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি মদন থানা পুলিশকে জানানো হয়েছে।
মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

