১৫ আগষ্ট উপলক্ষে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স-এর তিনটি গেট ও এর আশপাশ এলাকায় ব্যাপক পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের আইনশৃংখলা বাহিনী কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। এছাড়া টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায়ও আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জেলার আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিজিবিসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনী মোতায়েনের কথা নিশিচত করে বলেন, আগামীকাল ১৫ আগস্ট জেলার সার্বিক আইনশৃংখলা যাতে কোন অবনতি না ঘটে তার জন্য বিজিবি মোতায়েন থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

