শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে শিল্প ও একাডেমিয়ার মধ্যে সম্পর্ক জোরদারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা : বিশ্ববিদ্যালয় হতে পারে নতুন উদ্যোক্তা তৈরির অন্যতম সূতিকাগার ; চাই সমন্বিত ইকোসিস্টেম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে মানসম্মত গবেষণা ও উদ্ভাবন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সেখানে প্রকৌশলী, বিজ্ঞানী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা যৌথভাবে কাজ করবেন। শুধু ব্যবস্থাপনা নয়, বিজ্ঞান, প্রযুক্তি ও অ্যারোনটিকসসহ বিভিন্ন ক্ষেত্রে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ প্রয়োজন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরি প্রার্থী হিসেবে নয়, চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা বাড়ানো এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ ও দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে বিভিন্ন পণ্য ও সেবার প্রচুর চাহিদা রয়েছে। আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের জন্য অনেক সুযোগ রয়েছে। বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হোম সার্ভিস, নার্সিং সার্ভিসসহ বিভিন্ন সেবা খাতে নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ রয়েছে। পাশাপাশি উৎপাদন ও শিক্ষা খাতেও উদ্যোক্তাদের জন্য সম্ভাবনা রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি করছে। তবে বাংলাদেশের কোন খাতে ভালো করার সুযোগ রয়েছে, তা নিজেদেরই খুঁজে বের করতে হবে। এআইয়ের ওপর নির্ভর না করে নিজেদের উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে।
তিনি বলেন, উন্নত বিশ্বের বহুজাতিক কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়োগ দেয় এবং তাদের গবেষণা ও প্রকল্প নিয়ে কাজ করে। বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোকেও বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগে পৃষ্ঠপোষকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ক্রস-বর্ডার এডুকেশন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা বৃদ্ধি ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইপিই বিভাগের অধ্যাপক এ কে এম মাসুদ এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান সেমিনারে সভাপতিত্ব করেন।
এ ছাড়া সেমিনারে প্রায় শতাধিক উদ্যোক্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

