রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহতরা হলেন শোভা চাকমা (৫২), পিকআপের ড্রাইভার জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)।
আহতদের মধ্যে সুমন চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ও আহতরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি শহর থেকে একটি পিকআপ কতুকছড়ি বাজারে সাপ্তাহিক হাটে যাওয়ার সময় সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ আহত রয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, শহরের মানিকছড়ির আর্মি ক্যাম্পের সামনে একটি পিকআপ উল্টে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
রেডিওটুডে নিউজ/আনাম

