প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগের ফলেই বাংলাদেশ আজ এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ তিনটি দেশের একটিতে পরিণত হতে পেরেছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করার পর থেকে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি। যার ফলাফল আজকে আমরা এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছি। এছাড়া যত দুর্যোগই আসুক না কেনো দেশের জনগণ তা মোকাবিলা করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছি এবং আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগুলো আমরা গ্রহণ করেছি। আবার আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষণাপত্র, গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার সেখানেও কিন্তু দেশের উন্নয়নের কথা চিন্তা করেই বিভিন্ন পদক্ষেপের কথা আমরা ঘোষণা করেছি।
প্রধানমন্ত্রী মঙ্গলবার (২২ জুন) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পূর্বে মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্মারকগ্রন্থ ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’- এর মোড়ক উম্মোচনকালে দেয়া ভাষণে এ কথা বলেন।
শেখ হাসিনা গণভবন থেকে এবং পরিকল্পনা মন্ত্রী সহ সংশ্লিষ্টরা শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগুলো গ্রহণ করেছি।
প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে এই করোনাভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্বের অর্থনীতি স্থবির সেই সময় বাংলাদেশ একদিকে করোনা ভাইরাস মোকাবিলা ও মানুষকে সুরক্ষিত করা অপরদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখতে পেরেছে।
তিনি বলেন, এ বিষয়ে আমি মনে করি, আমরা সকলে মিলে কাজ করেছি এবং সবাইকেই আমি এ জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ সকলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন বলেই এই অর্জনটা সম্ভব হয়েছে। তবে আমাদের আরো অনেক দূর যেতে হবে।
শেখ হাসিনা বলেন, আমার সবথেকে ভালো লাগে যখন আমরা কোনো সিদ্ধান্ত নেই আমাদের যারা সহকর্মী-সামরকি, অসামরিক বা আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থা থেকে শুরু করে আমাদের সংগঠন এবং সর্বোপরি দেশের জনগণ সেটাকে আপন করে নেয়, গ্রহণ করে এবং মানতে আন্তরিক হয়।
তার সরকারকে অনেক ঘাত প্রতিঘাত এমনকি মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করেই আজকের অবস্থানে আসতে হয়েছে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো মোকাবিলা করেই বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।
দুর্যোগ ব্যবস্থাপনায় জাতির পিতা যেসব পদক্ষেপ নিয়েছিলেন তা আমাদের জন্য ‘মাইলফলক’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে তার সরকারের যে সাফল্য সেগুলো জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লব্ধ অভিজ্ঞতা থেকেই এসেছে।
তিনি বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই নানা প্রাকৃতিক দুর্যোগে আমরা এ দেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছি। ঘুর্ণিঝড়, জলোচ্ছাস মোকাবিলা করার মতো আত্মবিশ্বাস আমরা পেয়েছি এবং এটি মোকাবিলার পরিকল্পনা এবং পদক্ষেপ আমরা গ্রহণ করতে পেরেছি। এটা আমাদের জন্য কেবল নয়, বিশ্বের যে কোনো দুর্যোগ প্রবণ এলাকার জন্যও করণীয়।
ঝড়-ঝাপটা, জলোচ্ছাস, ঘুর্ণিঝড় সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক না কেনো বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারে। কেননা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন।

