চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি টাকার বেশি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে যে ১৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, এর মধ্যে শুধু ১৩ সেপ্টেম্বর একদিনেই এসেছে ১৯ কোটি ৩০ লাখ ডলার।
গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার।
এই হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০৪ কোটি ৭০ লাখ ডলার, যা শতাংশের হিসাবে ১৬ দশমিক ৯ শতাংশ।
রেডিওটুডে নিউজ/আনাম

