চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এইচকেএসএআর) সরকারের অর্থসচিব পল ছ্যান রোববার বলেছেন, গত এক সপ্তাহে হংকং মধ্যপ্রাচ্য থেকে মধ্য এশিয়া পর্যন্ত বেল্ট অ্যান্ড রোড অঞ্চলের দেশগুলো এবং গ্লোবাল সাউথের সঙ্গে অর্থনীতি, উদ্ভাবন ও প্রযুক্তি (টিঅ্যান্ডটি) এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করেছে।
নিজের ব্লগে ছ্যান লিখেছেন, চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সমর্থনে হংকং আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে ওঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে অর্থনীতি, নৌপরিবহন ও বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করছে। কেন্দ্রীয় সরকারের সমর্থন হংকংকে গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব দ্রুত এগিয়ে নিতে শক্তিশালী গতি জুগিয়েছে।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে মধ্য এশিয়া পর্যন্ত বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা এখন বিচ্ছিন্ন প্রকল্প থেকে একটি আন্তঃসংযুক্ত ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপ নিচ্ছে।
তিনি আরও বলেন, ‘আন্তঃআঞ্চলিক এই সহযোগিতা উদ্ভাবন ও প্রযুক্তির ক্ষেত্রেও গভীরভাবে বিস্তৃত হয়েছে। এর পেছনে রয়েছে হংকংয়ের শক্তিশালী গবেষণা ও উন্নয়ন সক্ষমতা এবং কুয়াংতং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের প্রযুক্তি ও শিল্প সরবরাহব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ।‘
হংকংয়ের নিজস্ব উদ্ভাবন ও প্রযুক্তির ভিত্তিও ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। ২০১৫ সালে শহরটিতে স্টার্টআপের সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। ২০২৫ সালে তা বেড়ে ৫হাজার ২০০ ছাড়িয়েছে। এদিকে বিজ্ঞান পার্ক ও সাইবারপোর্ট প্রায় ২০টি ইউনিকর্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

