বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো তা অনুমোদন হয়নি। ফলে চলতি সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জানুয়ারি মাসের বেতন অনুমোদন মেলেনি। আগামী বুধবার পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেতন সংক্রান্ত কার্যক্রমে আরও বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি মঙ্গলবার অনুমোদন মিললেও জিও (সরকারি আদেশ) জারি এবং তা হিসাব মহানিয়ন্ত্রক (এজি) অফিসে পাঠানোর প্রক্রিয়া আগামী বৃহস্পতিবারের আগে সম্পন্ন করা সম্ভব নয়। এ কারণে চলতি সপ্তাহে বেতন পরিশোধের সম্ভাবনা কার্যত নেই।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা জানান, সরকারি ছুটি ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন দেওয়া সম্ভব হবে না। তবে আগামী সপ্তাহের শেষ কার্যদিবসের মধ্যে বেতন-ভাতা পরিশোধের চেষ্টা চলছে।
মাউশি সূত্রে আরও জানা গেছে, প্রতি মাসে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতনের বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংক হিসাবে পাঠানো হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের লক্ষ্যে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন পদ্ধতি চালু করেছে। এতে বেতন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়লেও অনুমোদন প্রক্রিয়ায় বিলম্বের কারণে মাঝে মাঝে বেতন পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

