মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। এবার সিনেমাটি নিয়ে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিলেন নির্মাতা নিজেই। শুটিং সেটের মনিটর থেকে নেয়া একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি সিনেমাটির প্রথম ‘আনঅফিশিয়াল লুক’ শেয়ার করেছেন।
এর আগে মজার ছলে রাফী লিখেছিলেন, আপনারা অফিশিয়াল প্রমোশন করেন। আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিসিয়াল ফার্স্ট লিক দেয়া শুরু করছি। সেই ঘোষণার পরই প্রকাশ করা হয় অভিনেত্রী নাজিফা তুষির রহস্যময় একটি দৃশ্য। প্রকাশিত ছবিতে ভৌতিক ও কসমিক থ্রিলারের আবহে তুষির উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ছবির ক্যাপশনে রায়হান রাফী লেখেন, আন্ধার ফার্স্ট লিক! শুটিংয়ের সময় মনিটর থেকে নেয়া একটা স্ক্রিনশট। কোনো অফিশিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয় শুধু একটি মুহূর্ত।
নাজিফা তুষির প্রশংসা করে নির্মাতা আরও বলেন, এই একটি ফ্রেমই বলে দিচ্ছে, ‘আন্ধার’-এ তাকে কতটা অসাধারণ লাগছে। দর্শক তাকে আগে অনেক চরিত্রে দেখেছেন, কিন্তু এই সিনেমায় দেখবেন তার সবচেয়ে মোহময় উপস্থিতি। এদিকে প্রথম ঝলক প্রকাশের পর নিজের অনুভূতিও জানিয়েছেন নাজিফা তুষি। দীর্ঘদিন নীরব থাকার কথা উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, প্রায় এক বছর ধরে চুপ ছিলাম। আর না! ধন্যবাদ রায়হান রাফী, আমার লুকটা ‘লিক’ করে দেওয়ার জন্য।
তুষি জানান, ‘আন্ধার’ সিনেমায় তার অভিনীত ‘নদিয়া’ চরিত্রটি এখন পর্যন্ত তার সবচেয়ে প্রিয়। তিনি বলেন, এই চরিত্রটা আমাকে অনেক রকম আবেগ নিয়ে খেলতে দিয়েছে। এটি যেমন ছিল চ্যালেঞ্জিং, তেমনি ভীষণ রিওয়ার্ডিংও। অভিনেত্রী আরও বলেন, তিনি যেমন চরিত্রটিতে অভিনয় করে দারুণ সময় কাটিয়েছেন, তেমনি বড় পর্দায় দর্শকদেরও এটি ভালো লাগবে বলে তার বিশ্বাস। পোস্টের শেষদিকে তিনি লেখেন, দেখা হবে খুব শিগগিরই।
জানা গেছে, দীর্ঘদিন ভূত, অলৌকিক ঘটনা ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে সিনেমাটির মূল গল্প তৈরি করেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরে গল্পের চিত্রনাট্য নির্মাণে যুক্ত হন আদনান আদিব খান। ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার এবং তানজিকা
রেডিওটুডে নিউজ/আনাম

