রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিতব্য সিনেমা গুলশানের চামেলিতে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এর আগে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হয়েছিল। এই ছবির মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ‘পাখি’ খ্যাত এই টালিউড অভিনেত্রীর।
সিনেমাটিতে বাঁধনকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি নির্মাতা মোহাম্মদ ইকবাল কিংবা অভিনেত্রী বাঁধন। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ আগস্ট ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। সেদিনই শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
গত কয়েক বছরে টালিউডের একাধিক অভিনেত্রী ঢাকাই চলচ্চিত্রে কাজ করেছেন। ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, সুস্মিতা চট্টোপাধ্যায় ও সৃজা দত্তের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন মধুমিতা সরকার।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মধুমিতা বাংলাদেশেও পরিচিত মুখ। এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত নাটক মেঘবালিকাতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে এবারই প্রথম বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা জানিয়েছেন, গল্প ও চরিত্র দুটিই তার খুব পছন্দ হয়েছে। চরিত্রটির বিভিন্ন স্তর থাকায় অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি মনে করেন।
নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরই শুটিং শুরু হবে। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত গুলশানের চামেলির গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। আগামী বছরের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, আজমেরী হক বাঁধনকে সর্বশেষ দেখা গেছে তানিম নূরের বনলতা এক্সপ্রেস সিনেমায়। তার অভিনীত মাস্টার ও দ্য ডিফিকাল্ট ব্রাইড বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

