চীনের বিজ্ঞানীরা সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে এমন এক শিলাস্তর শনাক্ত করেছেন, যা উচ্চ-বিশুদ্ধতার কোয়ার্টজের সম্ভাব্য উৎস হতে পারে। এই বিরল খনিজটি সেমিকন্ডাক্টর, অপটোইলেকট্রনিক্স (আলোকভিত্তিক ইলেকট্রনিক প্রযুক্তি) এবং মহাকাশ প্রযুক্তি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আবিষ্কার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই উপাদানের আমদানিনির্ভরতা কমানোর ক্ষেত্রে চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত চায়না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন গবেষক দল দক্ষিণ সিচাংয়ের তিংকিয়ে এলাকায় অবস্থিত লিউকোগ্রানাইট শিলার মূল্যায়ন করেন। লিউকোগ্রানাইট হালকা রঙের আগ্নেয় শিলা, যা ভূত্বক গলে যাওয়ার ফলে সৃষ্টি হয়। গবেষণায় দেখা যায়, এসব শিলাকে পরিশোধনের মাধ্যমে ৯৯.৯৯৫ শতাংশের বেশি সিলিকন ডাই-অক্সাইড বিশুদ্ধতা অর্জন করা সম্ভব, যা উচ্চ-বিশুদ্ধতার কোয়ার্টজের মানদণ্ড পূরণ করে। গবেষণার ফলাফল ৩০ এপ্রিল ইউরোপিয়ান জার্নাল অব মিনারালোজিতে প্রকাশিত হয়।
উচ্চ-বিশুদ্ধতার কোয়ার্টজ অত্যন্ত মূল্যবান। কারণ এটি চরম তাপমাত্রা সহ্য করতে সক্ষম, রাসায়নিকভাবে স্থিতিশীল, উত্তপ্ত হলে খুব কম প্রসারিত হয় এবং এটি উৎকৃষ্ট বৈদ্যুতিক নিরোধক হওয়ার পাশাপাশি সহজে আলো পরিবাহিত করতে পারে। সাধারণভাবে, মোট রাসায়নিক অমিশ্রণের পরিমাণ প্রতি মিলিয়নে ৫০ অংশের (৫০ পিপিএম) কম হলে তাকে উচ্চ-বিশুদ্ধতার কোয়ার্টজ বলা হয়, অর্থাৎ খনিজটি প্রায় ৯৯.৯৯৫ শতাংশ বিশুদ্ধ সিলিকন ডাই-অক্সাইড নিয়ে গঠিত। এই মাত্রার বিশুদ্ধতা অর্জন করা অত্যন্ত কঠিন হলেও মাইক্রোচিপ, সৌর প্যানেল এবং ফাইবার-অপটিক যোগাযোগের মতো উচ্চপ্রযুক্তি শিল্পে এর বিকল্প নেই।
বিশ্বে এই খনিজের মজুত সীমিত এবং অসমভাবে বিতরণ করা। চায়না জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম সমৃদ্ধ মজুত রয়েছে। বিশেষ করে স্প্রুস পাইন খনি একসময় বিশ্বের সেমিকন্ডাক্টর-গ্রেডের উচ্চ-বিশুদ্ধতার কোয়ার্টজ বালুর ৯০ শতাংশেরও বেশি সরবরাহ করত। এছাড়া রাশিয়া, নরওয়ে এবং অস্ট্রেলিয়াতেও উল্লেখযোগ্য মজুত রয়েছে। খনন ও প্রক্রিয়াজাতকরণে দীর্ঘদিনের সক্ষমতার কারণে এসব দেশ বাজারে আধিপত্য বজায় রেখেছে।
বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী এবং অন্যতম প্রধান সেমিকন্ডাক্টর উৎপাদক হওয়া সত্ত্বেও চীন উচ্চ-বিশুদ্ধতার কোয়ার্টজের সবচেয়ে বড় আমদানিকারক। ফলে দেশটি নিজস্ব উৎস উন্নয়নের প্রচেষ্টা জোরদার করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় কৌশলগত খনিজ অনুসন্ধান কর্মসূচির আওতায় হ্যনান প্রদেশের পূর্ব ছিনলিং অঞ্চল এবং সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আলথাই এলাকায় উচ্চ-বিশুদ্ধতার কোয়ার্টজের মজুত শনাক্ত করা হয়েছে। এসব স্থান থেকে অন্তত ৯৯.৯৯৫ শতাংশ বিশুদ্ধতার পণ্য উৎপাদন সম্ভব হয়েছে, আর কিছু নমুনায় বিশুদ্ধতা ৯৯.৯৯৮ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। ২০২৫ সালে গণপ্রজাতন্ত্রী চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে উচ্চ-বিশুদ্ধতার কোয়ার্টজকে চীনের ১৭৪তম স্বীকৃত খনিজ প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত করে, যাতে সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা আরও শক্তিশালী করা যায়।
নতুন এই গবেষণা হিমালয় পর্বতমালা অঞ্চলে অনুসন্ধান কার্যক্রমকে সম্প্রসারিত করেছে, যা সিচাংয়ে শত শত কিলোমিটার বিস্তৃত। এখানকার হালকা রঙের লিউকোগ্রানাইট শিলাগুলো দীর্ঘদিন ধরে বিরল ধাতুর সম্ভাব্য উৎস হিসেবে অধ্যয়ন করা হলেও, উচ্চ-বিশুদ্ধতার কোয়ার্টজ উৎপাদনের সম্ভাবনা নিয়ে এ পর্যন্ত কোনো পদ্ধতিগত মূল্যায়ন করা হয়নি।
গবেষণা দল তিংগিয়ে এলাকা থেকে নমুনা সংগ্রহ করে এবং সেগুলোর ওপর ধারাবাহিক বিশ্লেষণধর্মী পরীক্ষা-নিরীক্ষা চালায়।
প্রক্রিয়াজাতকরণের পর দুটি নমুনা থেকে প্রাপ্ত পরিশোধিত কোয়ার্টজ বালুর সিলিকন ডাই-অক্সাইড বিশুদ্ধতা যথাক্রমে ৯৯.৯৯৬৯ শতাংশ এবং ৯৯.৯৯৫৯ শতাংশে পৌঁছায়, যা শিল্পমান অনুযায়ী উচ্চ-বিশুদ্ধতার কোয়ার্টজ শ্রেণিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যথেষ্ট।
গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, অঞ্চলে এই ধরনের শিলার ব্যাপক বিস্তৃতি চীনে উচ্চমানের কোয়ার্টজ সম্পদ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এর মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই কাঁচামালের একটি স্থিতিশীল ও নিরাপদ দেশীয় সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

