জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে এই ভূকম্পন অনুভূত হয়। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা ‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস’ (জিএফজেড) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
জিএফজেড-এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর আগে, গত বুধবারও জাপানে ৪ দশমিক ২ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার গভীরতা ছিল ২০ কিলোমিটার। তবে সর্বশেষ এই শক্তিশালী কম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথাকথিত ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলার ওপর অবস্থিত।
মূলত প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট-এই দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।
রেডিওটুডে নিউজ/আনাম

