রাষ্ট্রপতির জীবনী নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন আমির খান

শুক্রবার,

১৯ জুন ২০২৬,

৫ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

১৯ জুন ২০২৬,

৫ আষাঢ় ১৪৩৩

Radio Today News

রাষ্ট্রপতির জীবনী নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন আমির খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ১৯ জুন ২০২৬

Google News
রাষ্ট্রপতির জীবনী নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন আমির খান

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবন ও সংগ্রাম নিয়ে তথ্যচিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে আমির খান প্রোডাকশনস। চলচ্চিত্রটি পরিচালনা করবেন নির্মাতা ও লেখক স্বাতি চক্রবর্তী ভাটকাল।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তথ্যচিত্রটিতে ওডিশার একটি প্রত্যন্ত গ্রামের সাধারণ জীবন থেকে ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি এবং দ্বিতীয় নারী রাষ্ট্রপতি হয়ে ওঠার অনন্য যাত্রা তুলে ধরা হবে।

চলচ্চিত্রে দ্রৌপদী মুর্মুর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো স্থান পাবে। ব্যক্তিগত জীবনের নানা ট্র্যাজেডি, প্রতিকূলতা ও সংগ্রাম পেরিয়ে কিভাবে তিনি জনজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এবং শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন, সেই গল্পই উঠে আসবে এতে। পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ড ও নেতৃত্বের পেছনের দৃঢ়তা এবং অধ্যবসায়ের দিকও তুলে ধরা হবে।

জানা গেছে, দ্রৌপদী মুর্মুর শৈশবের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফুটিয়ে তুলতে ওডিশার তার নিজ গ্রামেই তথ্যচিত্রের কিছু অংশের শুটিং হয়েছে। স্থানীয় শিল্পীদের দিয়ে তার জীবনের বিভিন্ন পর্যায় পুনর্নির্মাণ করা হয়েছে। বাস্তব লোকেশন, আর্কাইভ ফুটেজ এবং নাট্যরূপ—সব মিলিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তার যাত্রার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

শুধু ব্যক্তিগত জীবনের গল্পই নয়, তথ্যচিত্রে দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সামাজিক ও রাজনৈতিক গুরুত্বও বিশ্লেষণ করা হবে।

তার এই উত্থানকে ভারতের আদিবাসী জনগোষ্ঠী, নারীদের ক্ষমতায়ন এবং দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ববঞ্চিত মানুষের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।

এই প্রজেক্টের মাধ্যমে আবারও স্বাতি চক্রবর্তী ভাটকালের সঙ্গে কাজ করছে আমির খান প্রোডাকশনস। এর আগে ২০১৯ সালে আমির খান ও কিরণ রাও প্রযোজিত তথ্যচিত্র অ্যান্থলজি ‘রুবারু রোশনি’ পরিচালনা করেছিলেন স্বাতি। আমির খানের বর্ণনায় নির্মিত সেই কাজটি সহিংসতা, শোক, ক্ষমা ও পুনর্মিলনের বাস্তব গল্প তুলে ধরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালে রাষ্ট্রপতি ভবনে নিজের সিনেমা ‘সিতারে জমিন পার’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন আমির খান। ছবিটি তার ২০০৭ সালের বহুল প্রশংসিত ‘সিতারে জমিন পার’–এর ভাবগত উত্তরসূরি হিসেবে নির্মিত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের