ভারতে অতি ভারী বৃষ্টির শঙ্কায় পশ্চিমবঙ্গে চার জেলায় জারি রেড অ্যালার্ট। বৃহস্পতিবার পর্যন্ত টানা অতিভারী বর্ষণের আভাস বাংলাদেশ সীমান্তবর্তী পাঁচ রাজ্যে। কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১১ জনে। তীব্র বন্যার মধ্যেই ফের ভারী বৃষ্টির কবলে ওড়িশা, দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস জম্মু-কাশ্মীর পর্যন্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। বর্ষার দাপট অব্যাহত প্রতিবেশী চীনেও।
কয়েকদিনের ভারী বর্ষণের পর বৃষ্টি কমেছে গুজরাট, কেরালা ও আসামে। ৭৮ লাখ মানুষের দুর্ভোগ আর ৮২ প্রাণহানির পর বন্যা পরিস্থিতির উন্নতি দেখছে আসাম।
কেরালায় বন্যায় বেড়েছে প্রাণহানি। আশ্রয়কেন্দ্রে ঠাঁই সাড়ে সাত হাজারের বেশি মানুষের। ১৪ জেলায় জারি তৃতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা ইয়েলো অ্যালার্ট। বুধবার (৫ আগস্ট) পর্যন্ত ভারী বৃষ্টির আভাস না থাকলেও, জলাবদ্ধতা অব্যাহত রয়েছে মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে।
স্থানীয় একজন বলেন, ‘সকাল থেকে এখানে আছি। দুপুর পর্যন্ত টানা উদ্ধারকাজে হাত লাগিয়েছি। ৫০০’র বেশি মানুষকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।’
এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আসামের দুই, কেরালার নয়, কর্ণাটকের এক, তেলেঙ্গানার এক ও অন্ধ্র প্রদেশের চার জেলায়।
৮ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির আভাস ভারতের উত্তরপশ্চিম, মধ্য, পূর্ব, উত্তরপূর্ব এবং আরব সাগর ও বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায়। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, আসামসহ দক্ষিণ-পূর্বের নাগাল্যান্ড-মনিপুর আর অরুণাচলে বৃহস্পতিবার পর্যন্ত টানা হতে পারে ভারী থেকে অতিভারী বর্ষণ। সিকিম আর বিহারেও হতে পারে তীব্র বৃষ্টি।
ভারতের আবহাওয়াবিদ ড. সুপ্রিত কুমার বলেন, ‘আগামী দু’দিনে কর্ণাটকের একাধিক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া উত্তর ও পূর্ব ভারতে বর্ষার গতিবিধি বাড়তে পারে। পরবর্তী পাঁচদিনে একাধিক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। চার-পাঁচদিনে মধ্য ও পূর্ব হিমালয়ের তেরাই অঞ্চলেও বর্ষা সক্রিয় থাকবে বলে মনে হচ্ছে।’
পশ্চিমবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানসহ চার জেলায় রেড অ্যালার্ট। রাজ্যের উত্তরপূর্ব, দক্ষিণ ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অরেঞ্জ অ্যালার্ট। বজ্রসহ ঝড় ও ঘণ্টায় ১৫ মিলিমিটার বৃষ্টির আভাস। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ।
দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়সহ ১৫ রাজ্যে সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস ওড়িশা থেকে জম্মু-কাশ্মীর পর্যন্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। তীব্র বন্যার মধ্যেই ফের ভারী বৃষ্টির কবলে ওড়িশা, পাঁচদিন রাজ্যজুড়ে রয়েছে অতিবৃষ্টির আভাস। ২৫ জেলায় জারি ইয়েলো অ্যালার্ট।
বিরামহীন বৃষ্টি নতুন করে দুর্যোগ বয়ে আনতে পারে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখান্ড, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে।
প্রতিবেশী চীনেও ভারী বর্ষণ, বন্যা, ভূমিধস অব্যাহত বিস্তীর্ণ অঞ্চলে। মঙ্গলবার পর্যন্ত কিছু অঞ্চলে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আভাস। হেইলংজিয়াং, গানসুসহ বিভিন্ন প্রদেশে নিরাপদ আশ্রয়ে সরে গেছে হাজারও মানুষ। উহুলিন নদীতে বাড়ছে পানি।
রেডিওটুডে নিউজ/আনাম

