গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ও সুদানি

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ও সুদানি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৭, ৭ আগস্ট ২০২৬

আপডেট: ২৩:৩৭, ৭ আগস্ট ২০২৬

Google News
গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ও সুদানি

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপ উপকূল থেকে গত ৪৮ ঘণ্টায় ২০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপীয় সীমান্ত ও কোস্ট গার্ড এজেন্সি (ফ্রন্টেক্স)। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক।

গ্রিসের সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাত দিয়ে শুক্রবার মিডল ইস্ট মনিটর জানায়, লিবিয়ার উপকূল থেকে যাত্রা করে গত দুই দিনে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছেছেন। এতে দ্বীপটির স্থানীয় প্রশাসন ও অভিবাসী গ্রহণকেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ বৃহস্পতিবার ৪০ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা ইয়েরাপেত্রা এলাকার দক্ষিণ-পূর্বে শনাক্ত করে ফ্রন্টেক্স। পরে একটি মাছ ধরার নৌকার সহায়তায় গ্রিস কোস্টগার্ড তাদের নিরাপদে আইরাপেত্রা বন্দরে নিয়ে আসে। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে আরও দুটি নৌকায় অন্তত ১১২ জন অভিবাসী ক্রিটে পৌঁছান। তাদের মধ্যে ৭২ জন বাংলাদেশি, ৩১ জন সুদানের এবং ৯ জন মিসরের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অভিবাসীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এদিকে পৃথক এক বিবৃতিতে গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ইয়েরাপেত্রার দক্ষিণ-পশ্চিমে উদ্ধার হওয়া ৫০ জন অভিবাসীকে লিবিয়ার তোব্রুক থেকে নৌকাযোগে গ্রিসে নিয়ে আসার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

উদ্ধার হওয়া অভিবাসীদের ভাষ্য অনুযায়ী, জনপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মার্কিন ডলার নিয়ে ওই কিশোর নৌকার চালকের দায়িত্ব পালন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করছে গ্রিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের