আরও এক কার্গো এলএনজি কিনছে সরকার

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

আরও এক কার্গো এলএনজি কিনছে সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫০, ৭ আগস্ট ২০২৬

Google News
আরও এক কার্গো এলএনজি কিনছে সরকার

দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্তের একদিন পর আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি পর্যায়ে (জিটুজি) পদ্ধতিতে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কেনা হবে।

এর আগে বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে মোট আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ চারটি পৃথক প্রস্তাবের মাধ্যমে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমান থেকে দুই কার্গো করে মোট আট কার্গো এলএনজি কেনার অনুমোদন পায়।

সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুযায়ী দরপত্র ছাড়া সরাসরি ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন প্রয়োজন হয়।

সম্প্রতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়। ২১ জুলাই টার্মিনালে আগুন লাগার পর সেটি বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।

মেরামত শেষে এক্সিলারেট এনার্জির পরিচালিত টার্মিনালের একটি ইউনিটের বয়লার চালু করা হয়েছে। এর ফলে বৃহস্পতিবার ভোর থেকে সীমিত পরিসরে আবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের