জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের আলোচনার জন্য নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনো বৈঠকের দিনক্ষণ বা আনুষ্ঠানিক সূচি নির্ধারণ হয়নি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে যুক্তরাষ্ট্র উন্মুক্ত। তবে এমন বৈঠক থেকে ইতিবাচক ফল পাওয়ার বাস্তব সম্ভাবনা থাকলেই তা আয়োজনের বিষয়টি গুরুত্ব পাবে।
রুবিও বলেন, আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তার ভাষায়, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

