বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভারত সরকার।
মঙ্গলবার ইমেইলের মাধ্যমে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।
তিনি বলেন, “আজ নতুন হাইকমিশনার হিসেবে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভারত”।
পররাষ্ট্র সচিব মি. সিয়াম নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন। রিয়াজ হামিদুল্লাহকে ইতিমধ্যে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ই জুলাই নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মি. সিয়ামের নাম প্রস্তাব করেছিল বাংলাদেশ। এতদিন পরে এই প্রস্তাবে সম্মতি দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক রীতি অনুযায়ী, কোনো দেশে নতুন রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের আগে সংশ্লিষ্ট দেশের ‘অ্যাগ্রেমা’ বা আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন হয়। ভারতের সেই সম্মতি না পাওয়া গেলো প্রায় আড়াই মাস পর।
পররাষ্ট্র সচিব মি. সিয়াম ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।
রেডিওটুডে নিউজ/আনাম

