যারা গণমাধ্যমের কাছে তথ্য ফাঁস করে তাদেরকে শাস্তি হিসেবে গুলি করা উচিত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘আমার মতে, তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত’।
স্থানীয় সময় বুধবার ওই সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, একটা সময় ছিল যখন আমরা তথ্য ফাঁসকারীদের গুলি করতাম। ওই সময়গুলোতে তারা কোন দেশে কখন হামলা করা হবে, সেই গোপন তথ্য ফাঁস করে দিত।’
গত বছর ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতে জড়িয়েছিল ইসরায়েল। ওই সময় তেহরানে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে আকস্মিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। তখন বেশ কয়েকটি গণমাধ্যম ওই অভিযানের কিছু তথ্য প্রকাশ করেছিল। সেগুলোর সূত্র ছিল মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) অপ্রকাশিত প্রাথমিক প্রতিবেদন।
ট্রাম্প ইঙ্গিত দেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে হামলার সময়সূচি ছিল। এটি প্রকাশ করে গণমাধ্যমগুলো সামরিক বাহিনীর সদস্যদের চরম বিপদের মুখে ফেলেছে। এসব গণমাধ্যমের মধ্যে দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএন আছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘আমরা কখন অভিযান শুরু করবো, কখন আঘাত হানবো- তারা সেসব তথ্য ফাঁস করেছিল। এ কারণে বোমা হামলার কর্মসূচি দুই দিন পিছিয়ে দিতে হয়।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কোনো এক ঘৃণ্য ব্যক্তি এই তথ্য ফাঁস করেছে। তাদের জেলে পাঠানো উচিত অথবা গুলি করা উচিত। বাকি জীবন তাদের কারাগারেই কাটানো উচিত।’
রেডিওটুডে নিউজ/আনাম

