বৃহস্পতিবার,

১৫ অক্টোবর ২০২৬,

৩০ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৫ অক্টোবর ২০২৬,

৩০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা বাড়াবে চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩২, ১৫ অক্টোবর ২০২৬

Google News
বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা বাড়াবে চীন

চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং সরাসরি যোগাযোগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও চীনের ইয়ুননান প্রদেশ। এ লক্ষ্যে খুনমিংয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন চালু, কৃষিপণ্য রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ঢাকা–খুনমিং সরাসরি ফ্লাইট বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার খুনমিংয়ে ইয়ুননান প্রাদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক লি ছাওওয়েইয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের কনসাল জেনারেল শাহানাজ রানু। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গত জুনে চীন সফরকালে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন শাহানাজ রানু। বাংলাদেশ প্যাভিলিয়ন দ্রুত চালু, বন্ডেড ওয়্যারহাউস স্থাপন এবং চীনের ই-কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন লি ছাওওয়েই।

কৃষিখাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের আম রপ্তানি সংক্রান্ত প্রটোকল দ্রুত বাস্তবায়ন এবং অন্যান্য কৃষিপণ্যের বাজার তৈরির আহ্বান জানান কনসাল জেনারেল। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে ইউননানের ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

এ ছাড়া ঢাকা–খুনমিং রুটে আরও সরাসরি ফ্লাইট চালু, দুই দেশের মধ্যে সংযোগ করিডোর প্রতিষ্ঠা এবং বাংলাদেশের বাণিজ্য প্রদর্শনীতে ইউননানের আরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের