সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। ফ্লাইট পুনরায় চালু এবং পরবর্তী যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।
এদিকে, জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে পারবেন।
এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রার পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তাই যাত্রীদের ভ্রমণের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে সর্বশেষ ফ্লাইট-সংক্রান্ত তথ্য নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

