চীনের মহাকাশ স্টেশনে অবস্থানরত শেনচৌ-২৩ মিশনের নভোচারীরা বৈজ্ঞানিক গবেষণা ও প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণের কাজ নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন। রোববার প্রকাশিত চীনের মানববাহী মহাকাশ সংস্থার সাপ্তাহিক আপডেটে এই তথ্য জানানো হয়েছে।
মহাকাশে প্রায় পাঁচ মাস পার করে ফেলা তিন চীনা নভোচারী মহাকর্ষহীন পরিবেশের বৈজ্ঞানিক গবেষণাগুলো সাফল্যের সাথে চালিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে তারা নির্ধারিত সময়সূচি মেনে উচ্চ তাপমাত্রায় কেবিনে থাকা গবেষণার পুরোনো নমুনা সরিয়ে নতুন নমুনা বসানোর কাজ শেষ করেছেন।
এর পাশাপাশি মহাকাশযান যুক্ত করার বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তারা। প্রশিক্ষণটির অংশ হিসেবে 'মেটাকগনিটিভ ট্রেনিং সিস্টেম' ব্যবহার করে নানা ধরনের প্রাথমিক পরিস্থিতিতে ছবি নিখুঁতভাবে শনাক্ত করার অনুশীলনও করা হয়।
এছাড়া মিশনের বাকি কাজ সহজে পরিচালনার জন্য নভোচারীরা স্পেসফ্লাইটের নির্দেশিকা ও সরঞ্জাম ব্যবহারের গাইডলাইনগুলো ভালো করে পড়াশোনা করেন।
মহাকাশ স্টেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ক্রু সদস্যরা রি জেনারেটিভ এনভায়রনমেন্টাল কন্ট্রোল অ্যান্ড লাইফ-সাপোর্ট সিস্টেম এবং এর সাথে সম্পর্কিত সরঞ্জামগুলোর রুটিন পরিদর্শন ও সার্ভিসিং সম্পন্ন করেছেন। একই সাথে তারা চিকিৎসা সামগ্রীর ইনভেন্টরি তৈরি, উপকরণ সাজানো এবং কেবিনের ভেতরের অংশ পরিষ্কার করার কাজও করেছেন। ওজনহীনতার কারণে শরীরে নেতিবাচক প্রভাব রোধ করতে নভোচারীরা বোন-লস কাউন্টারমেজার ডিভাইস এবং নিউরোমাসকুলার স্টিমুলেটরের মতো সরঞ্জাম ব্যবহার করে নিয়মিত ব্যায়ামও চালিয়ে যাচ্ছেন। সূত্র: সিএমজি বাংলা
রেডিওটুডে নিউজ/আনাম

