বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের মামলায় এক লাখ টাকা মুচলেকায় পাসপোর্ট জমার সত্ত্বে প্রতিষ্ঠানের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহের জামিননামা দাখিল করা হয়েছে। এতে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেস তার আইনজীবী মহসিন রেজা।
সোমবার (২৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে জামিননামা দাখিলের অনুমতি দেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন ও আসামির হাজিরার জন্য ধার্য ছিল। এজন্য কারাগার থেকে আসামি কলিমউল্লাহকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
এ বিষয়ে নাজমুল আহসান কলিমউল্লাহর আইনজীবী মহসিন রেজা ও মহিমা বাঁধন জানান, গত ১৪ জুন তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার সাপেক্ষে জামিননামা দাখিলের অনুমতি দেন আদালত। আমরা জামিননামা দাখিল করেছি।
অন্য কোন মামলা না থাকায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
এর আগে মোহাম্মদপুরের বাসা থেকে কলিমউল্লাহকে গত বছরের ৭ আগস্ট গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওইদিনই জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। একই বছরের ২৭ আগস্ট তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে কলিমউল্লাহসহ ৫ জনকে আসামি করে গত ১৮ জুন মামলাটি দায়ের করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

