রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ও সদস্য লিটন মিয়া।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরীফের খাদেম রহমত আলীকে বাড়ি ফেরার পথে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরদিন ১১ নভেম্বর নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদি হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
পরবর্তী সময়ে ২০১৮ সালে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ মামলার রায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য ছয় আসামিকে বেকসুর খালাস দেন। নিম্ন আদালতের সেই মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে হাইকোর্ট এদিন দুইজনের সাজা বহাল রেখে বাকি পাঁচজনকে খালাস দেন।
রেডিওটুডে নিউজ/আনাম

