শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শৃঙ্খলা নষ্ট করলে রাষ্ট্রদ্রোহের মামলা; পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Google News
শৃঙ্খলা নষ্ট করলে রাষ্ট্রদ্রোহের মামলা; পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘শৃঙ্খলা নষ্ট করলে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতেও পিছপা হবে না সরকার’— পুলিশকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘গণহত্যাকারীদের কেউ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।’

শনিবার পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সাহসিকতা, পেশাগত দক্ষতা ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তে বিশেষ অবদানের জন্য ৯৮ পুলিশ সদস্যকে পদক দেয়ার পর এসব কথা বলেন তিনি।

১০ মে শুরু হয় পুলিশ সপ্তাহ ২০২৬। তবে সেদিন পদকপ্রাপ্তদের হাতে রাষ্ট্রীয় পদক তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা হয়নি। সে সময় ১০৭ জন পুলিশ সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল।

পদক প্রদান স্থগিত হওয়ার কয়েক মাস পর নতুন করে চূড়ান্ত করা হয়েছে পদকপ্রাপ্তদের তালিকা। এবার সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক পাচ্ছেন ৯৮ পুলিশ সদস্য।

চার ক্যাটাগরিতে দেয়া হচ্ছে এসব পদক। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক—বিপিএম পেয়েছেন ১৩ জন, বিপিএম-সেবা ১৮ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক—পিপিএম ২৩ জন এবং পিপিএম-সেবা পেয়েছেন ৪৪ জন।

পদক প্রদান শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এসময় পুলিশের কেউ কেউ সংবাদ দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে সহায়তা করছেন বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে শৃঙ্খলা ভঙ্গ কিংবা ফ্যাসিবাদী শক্তিকে সহায়তা করলে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হবে বলেও সতর্ক করেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি পুলিশকে জনগণের বিপক্ষে দাঁড়াতে বাধ্য করেছিল।’

পুলিশকে জনবান্ধব হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘গণহত্যাকারীদের কেউ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।’

সাহসিকতা, দক্ষতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পাওয়া এই পদক পুলিশ সদস্যদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অর্জন। পাশাপাশি বাহিনীর অন্য সদস্যদেরও নিষ্ঠা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536