নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
হাসপাতালে চিকিৎসাধীন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২০ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার ব্যক্তিগত সচিব মুহাম্মদ এনামউদ্দিন এ তথ্য জানিয়েছেন। এরআগে তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ জুন) রাতেই তাকে হাসপাতালে নেয়া হয়। মাহবুব তালুকদারের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে তাকে রোববার (২০ জুন) বিকেলে কেবিনে আনা হয়। ইতিমধ্যে তার করোনা ভাইরাসের নমুনা দেয়া হয়েছে।
মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনামউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার রাতে স্যারের শরীরে হঠাত জ্বর আসে। তারপর আমরা তাকে রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করাই।
তিনি বলেন, হাসপাতালে ঔষধ দেয়ার পর তার জ্বর কমে যায়। কিন্তু অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়।
তিনি আরো বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন স্যার এখন ভালো আছেন। বিকেলে সাড়ে চারটার দিকে তাকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে।
এনামউদ্দীন বলেন, বর্তমানে মাহবুব তালুকদারের অক্সিজেন লেভেল স্বাভাবিক আছে। কফ, কাঁশি বা অন্য কোনো রোগের উপসর্গ ছিল না।

