লকডাউনের প্রতীকী ছবি
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার দেশের সাতটি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬ টা থেকে ৩০ জুন বুধবার রাত ১২ টা অবধি লকডাউনের বিধিনিষেধ প্রয়োগ করা হবে। সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল আজিম এই তথ্য জানিয়েছেন।
যেসব জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে সেগুলো হচ্ছে- মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী।
উল্লেখ্য যে, করোনার সংক্রমণ ঠেকাতে রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসনের জারি করা লকডাউন চলছে।
এই সময়ে শুধু আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান, বিদ্যুত-পানি-গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কর্মকাণ্ড, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সাথে জড়িত অফিস, তাদের কর্মকর্তা-কর্মচারী ও যানবাহন এবংপণ্যবাহী ট্রাকগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
এই সাত জেলায় কী কী বন্ধ থাকবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কিছুই চলবে না।

