আগামী মঙ্গলবার রাতে ২০২৬ সালের স্প্রিং ফেস্টিভ্যাল ওয়েব গালা সম্প্রচার করবে চায়না মিডিয়া গ্রুপ। টেলিভিশনের পাশাপাশি মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মে একযোগে প্রচারিত এই গালায় আধুনিক পপ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী চীনা শিল্পের মেলবন্ধনের সঙ্গে যুক্ত হবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার।
সিএমজি জানিয়েছে, বেইজিং সময় রাত ৮টা থেকে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে সিসিটিভি-১, সিসিটিভি-৩ এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। গালায় থাকছে নৃত্য, গানসহ নানা পরিবেশনা। এবারের আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা , ভার্চুয়াল রিয়েলিটি এবং থ্রি-ডি প্রযুক্তির ব্যবহার দর্শকদের জন্য আরও সমৃদ্ধ অডিওভিজুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে।
প্রতি বছর এই গালা অনুষ্ঠান দেখা চীনে একটি নতুন সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এর জনপ্রিয়তা বেশি। ২০১১ সালে যাত্রা শুরুর পর থেকে স্প্রিং ফেস্টিভ্যাল ওয়েব গালা ধীরে ধীরে চান্দ্র নববর্ষকে স্বাগত জানানোর এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে।
চলতি বছর ১৭ ফেব্রুয়ারি উদযাপিত হবে স্প্রিং ফেস্টিভ্যাল, যা চীনা নববর্ষের সূচনা এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এ বছরের নববর্ষে শুরু হচ্ছে ঘোড়া বর্ষ, যা চীনা রাশিচক্রের ১২টি প্রাণীর মধ্যে সপ্তম।
রেডিওটুডে নিউজ/আনাম

