জালিয়াতি রোধে ভোটার হতে লাগবে পরিবারের সবার এনআইডির তথ্য

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

জালিয়াতি রোধে ভোটার হতে লাগবে পরিবারের সবার এনআইডির তথ্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১০, ১১ জুলাই ২০২৬

আপডেট: ১১:১১, ১১ জুলাই ২০২৬

Google News
জালিয়াতি রোধে ভোটার হতে লাগবে পরিবারের সবার এনআইডির তথ্য

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি রোধে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভবিষ্যতে কেউ ভোটার হতে চাইলে শুধু বাবা-মায়ের নয়, পরিবারের অন্য সদস্যদের—বিশেষ করে ভাইবোনদের—জাতীয় পরিচয়পত্রের তথ্যও দিতে হতে পারে। একই সঙ্গে ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

নির্বাচন কমিশন বলছে, রোহিঙ্গাসহ বিদেশি নাগরিকদের অবৈধভাবে এনআইডি সংগ্রহের সুযোগ কমানো এবং পরিচয় যাচাই আরও নির্ভুল করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইসি সূত্র জানায়, বর্তমানে ভোটার নিবন্ধনের সময় আবেদনকারীকে বাবা ও মায়ের এনআইডির তথ্য দিতে হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যদের এনআইডির তথ্যও দিতে হবে। এভাবে একটি ‘ফ্যামিলি ট্রি’ বা পারিবারিক তথ্যভান্ডার তৈরি করা হবে, যার মাধ্যমে আবেদনকারীর পরিচয় সহজে যাচাই করা সম্ভব হবে।

ইসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম অঞ্চলে বিশেষ নিবন্ধন পদ্ধতি চালুর ফলে রোহিঙ্গাদের সেখানে এনআইডি নেওয়া কঠিন হয়েছে। তবে তারা এখন দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দালালদের সহায়তায় জালিয়াতির মাধ্যমে এনআইডি সংগ্রহের চেষ্টা করছেন। নতুন ব্যবস্থা চালু হলে এ ধরনের জালিয়াতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে।

শুধু বিদেশি নাগরিক নয়, দেশের অনেক নাগরিকও বিভিন্ন কারণে এনআইডিতে বাবা-মায়ের নাম বা অন্যান্য তথ্য পরিবর্তনের আবেদন করেন। অনেক ক্ষেত্রে ভুয়া কাগজপত্রও জমা দেওয়া হয়। পরিবারের সদস্যদের তথ্য একসঙ্গে যুক্ত থাকলে এসব তথ্য সহজেই মিলিয়ে দেখা যাবে। ফলে জালিয়াতির সুযোগ কমবে।

ইসির কর্মকর্তারা আরও বলেন, পরিবারের সদস্যদের তথ্য একটি ডেটাবেজে সংযুক্ত থাকলে পরিচয় যাচাই দ্রুত করা যাবে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও প্রয়োজন অনুযায়ী নাগরিকের পরিচয় সহজে নিশ্চিত করতে পারবে। ভবিষ্যতে ওয়ারিশ–সংক্রান্ত সেবাও এ তথ্যের ভিত্তিতে দেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘ফ্যামিলি ট্রি’ ব্যবস্থা চালুর বিষয়টি পর্যালোচনায় রয়েছে। প্রক্রিয়া শেষ হলে এটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, নতুন ব্যবস্থায় ভোটার নিবন্ধনের সময় আবেদনকারীকে বাবা-মায়ের পাশাপাশি ভাইবোনদের এনআইডির তথ্যও দিতে হবে। এতে এনআইডি জালিয়াতি কমবে এবং পরিবারের তথ্য এক জায়গায় সংরক্ষণ করা সম্ভব হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের