দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইলো আন্তরিক শুভকামনা।’
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
গত বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সময়ে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রেডিওটুডে নিউজ/আনাম

