কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে এবং কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অপ্রতিমের অকাল ও হৃদয়বিদারক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
একটি সম্ভাবনাময় কিশোরের এমন মর্মান্তিক পরিণতি পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য গভীর শোকের বিষয়। তিনি অপ্রতিমের মা ড. নাহিদা বেগম, বাবা ফিরোজ শাহরিয়ারসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। এ বিষয়ে তিনি কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন।
দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি অপ্রতিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

