তাজিকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের স্ট্যান্ডিং কমিটির সভায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল।
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন মো. শহিদুল ইসলাম এমপি, ডা. মো. মাহবুবুর রহমান এমপি, তাজিকিস্তানে নিযুক্ত (অনাবাসিক) বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপসচিব ড. মো. ওহিদুজ্জামান।
তাজিকিস্তানে আজ অনুষ্ঠিত সভায় বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলটি ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন পরবর্তী বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ, পদক্ষেপ ও কার্যক্রমের বর্ণনা দেন।
নির্বাচনী ইশতেহারের ওপর ভিত্তি করে সরকার সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছে উল্লেখ করে প্রতিনিধি দলটি সভায় জানান, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা, দেশের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ এবং একই সঙ্গে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে সকল সম্প্রদায়ের পূর্ণ ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া সরকার রাজনৈতিক ও জনজীবনে সিদ্ধান্ত গ্রহণে নারী ও তারুণ্যের অংশগ্রহণ সম্প্রসারণে বদ্ধপরিকর।
বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে সভায় জানানো হয়, টেকসই অগ্রগতির জন্য কেবল জাতীয় পর্যায়ে সুচিন্তিত নীতিই নয়, বরং এশিয়া জুড়ে শক্তিশালী সংসদীয় সহযোগিতা প্রয়োজন। সংসদ সদস্য হিসেবে অভিন্ন চ্যালেঞ্জগুলোকে বাস্তব আইনি পদক্ষেপে রূপান্তর করা, জবাবদিহিতা শক্তিশালী করা এবং উন্নয়ন যাতে অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক থাকে তা নিশ্চিত করার ক্ষেত্রে সংসদ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এই প্রেক্ষাপটে সম্মিলিত বিবেচনার জন্য সংসদীয় প্রতিনিধিদল সভায় পাঁচটি সুপারিশ পেশ করে। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, অভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা বিষয়ক আইন, নীতিমালা এবং উত্তম কর্মপন্থা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা জোরদার করা; শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা এবং মানব উন্নয়ন বিষয়ক নীতিমালার বাস্তবায়ন নিশ্চিত করতে বাজেট ও তদারকি কার্যক্রম; নীতিমালা ও আইনে নারী, যুবক, শিশু, প্রবীণ ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা জনগোষ্ঠীর প্রতিফলন নিশ্চিত করা; দুর্নীতি, মানব পাচার, অবৈধ মাদক এবং অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় প্রতিবন্ধকতার বিরুদ্ধে সংলাপ এবং সমন্বিত আইন প্রণয়নের মাধ্যমে আন্তঃসংসদীয় সহযোগিতা বৃদ্ধি করা; এশিয়া জুড়ে সাংস্কৃতিক বোঝাপড়া, আন্তঃধর্মীয় সংলাপ, সহনশীলতা এবং জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্ককে উৎসাহিত করতে সংসদীয় কূটনীতি ব্যবহার করা।
বাংলাদেশের প্রতিনিধি দলটি সংসদীয় সংলাপ ও কূটনীতি শক্তিশালী করার মধ্য দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, সংযুক্ত, সহনশীল ও শান্তিপূর্ণ এশিয়া গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
একইসঙ্গে, এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের স্ট্যান্ডিং কমিটির সভার আয়োজন এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদের আমন্ত্রণের জন্য তাজিকিস্তানের সরকার এবং সংসদীয় কর্তৃপক্ষকে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলটি ধন্যবাদ জানায়।
রেডিওটুডে নিউজ/আনাম

