রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুর প্রকল্প বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সড়কপথে আজ (শনিবার, ৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে এ চালান রূপপুর প্রকল্প অভ্যন্তরে প্রবেশ করে।
জানা যায়, রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো বিমান গত সপ্তাহে বাংলাদেশে আসার কথা থাকলেও নির্ধারিত রুটে প্রয়োজনীয় আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেটি স্থগিত করা হয়।
পরে নতুন সূচি নির্ধারণ করে জ্বালানি পরিবহনের উদ্যোগ নেয়ায় শুক্রবার রাত ১২ টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ সকালে সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সড়কপথে ঢাকা থেকে ইউরেনিয়ামের চালান রূপপুরে পৌঁছায়।
ইউরেনিয়ামের চালান সড়কপথে আনার জন্য পুরো মহাসড়ক যানবাহন মুক্ত রাখা হয়। দুপুর ১২টা ২০ মিনিটে চারটি কাভার্ডভ্যানে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পরিবহন করা হয়।
পাবনা ঈশ্বরদীর সার্কেল প্রণব কুমার জানান, ইউরেনিয়াম চালান নির্বিঘ্নে রূপপুরে পৌঁছানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং পদক্ষেপ নেয়া হয়।
তিনি জানান, এসময় মহাসড়কে পুলিশের পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের সঙ্গে সেনাবাহিনী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানসহ (এসআরবি) অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করে।
উল্লেখ্য, ২০২৩ সালের রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম প্রকল্পে পৌঁছায়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের ফার্স্ট ফুয়েল লোডিং সম্পন্ন হয়। চলতি বছরের ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিট থেকে কিছু পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার সক্ষম হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানান।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটো ইউনিট পরিপূর্ণভাবে চালু হলে এখান থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানান।
রেডিওটুডে নিউজ/আনাম

